ঈদে পদ্মা সেতুতে টোল আদায়ে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, ২৪ ঘণ্টায় আয় ৫.৩২ কোটি টাকা

Date: 2026-05-27
news-banner

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ের নতুন একটি বড় রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ে সেতুতে মোট ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে, যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।


আজ বুধবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগের দিন মঙ্গলবার টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।


অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়। এই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পার হয়েছিল। সে সময় মোট টোল আদায় হয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।


পদ্মা সেতুতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য আলাদা টোল হার নির্ধারণ করা আছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন করায় এই সেতু দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।

ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল আরও বৃদ্ধি পেয়েছে।


সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরা টোল প্লাজায় চালু রয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা। এই প্রযুক্তির মাধ্যমে যানবাহন থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা হয়। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড ব্যবহারের ফলে যাত্রী ও যানবাহনের যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়েছে।


পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বলেন, ভোগান্তি কম থাকায় এবার এই রুটে যাতায়াত উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে টোল আদায়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

advertisement image

Leave Your Comments