কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৭

Date: 2026-05-28
news-banner

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঈদের দিন একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়াগামী একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনায় লেগুনাটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং গাড়ির ভেতর ও আশপাশে কাচের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।


কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ দাশ জানান, দুর্ঘটনার পর বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement image

Leave Your Comments