ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের পর দেশটির ফুটবল দলকে নিয়ে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী বিশ্বকাপে অংশ নিতে চাইলে কঙ্গো দলকে কমপক্ষে ২১ দিন বায়ো-বাবল বা সুরক্ষাবলয়ের মধ্যে আইসোলেশনে থাকতে হবে, অন্যথায় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া নাও হতে পারে।
হোয়াইট হাউস ওয়ার্ল্ড কাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ইএসপিএনকে জানান, কঙ্গো দল বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে এবং তাদের জন্য সুরক্ষিত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ফিফা, কঙ্গো ফুটবল ফেডারেশন এবং সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ১১ জুন হিউস্টনে আসার আগে পুরো সময়টি তাদের বায়ো-বাবল মেনে চলতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, এই নিয়ম ভঙ্গ হলে পুরো দলের বিশ্বকাপে অংশগ্রহণই ঝুঁকির মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্র প্রশাসনের দাবি, দেশের সীমান্তে বা ভেতরে যেন কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয়, সেটি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
বর্তমানে ডিআর কঙ্গোর অনেক খেলোয়াড় ফ্রান্সে খেলেন এবং দলের কিছু স্টাফ দেশ ছাড়লেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। অন্য কোনো সদস্য দলে যোগ দিলেও তাদের আলাদা সুরক্ষাবলয়ে থাকতে হবে বলে জানানো হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইবোলার এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান সফর করেছেন—এমন ব্যক্তিদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে।
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া ডিআর কঙ্গো এবার ‘কে’ গ্রুপে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে এই স্বাস্থ্য পরিস্থিতি দলটির প্রস্তুতি ও অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।