ঝিনাইদহে নাসীরুদ্দীনের ওপর হামলা: ৮ ছাত্রদল নেতাসহ মামলা,

Date: 2026-05-22
news-banner

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি–সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও প্রায় ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাটি আজ শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা হয়।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে এই মামলা করেন। অভিযুক্তদের মধ্যে আছেন জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, পৌর ছাত্রদলের সহসভাপতি মোবারক হোসেন, এবং নেতা হাদু ও আরাফাত হোসেন।

এদিকে মামলার প্রতিবাদে রাত ৯টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা থানায় থাকা নাসীরুদ্দীনকে বের করে দেওয়ার দাবি জানান। পরে ভেতরে প্রবেশ করতে না পেরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরবর্তীতে তারা শহরের পায়রা চত্বরে সমাবেশ করে সেখানে নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরোনো কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পাঁচজন আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

advertisement image

Leave Your Comments